
ই-বাংলাদেশ ডেস্ক
তামিল সিনেমা থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর বড় পর্দায় থালাপতি বিজয়ের শেষ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে ‘জন নায়াগন’। প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় এক মাস পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি। আগামী ২১ আগস্ট থেকে জিফাইভে স্ট্রিমিং হবে ‘জন নায়াগন’।
সম্প্রতি সিনেমাটির ওটিটি মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে জিফাইভ। ফলে প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে না পারা বিজয়ভক্তরা এবার ঘরে বসেই অভিনেতার শেষ তামিল সিনেমাটি দেখার সুযোগ পাবেন।
অ্যাকশন ও আবেগঘন গল্পের এই সিনেমার কাহিনি ভেট্রি কোন্ডান নামের এক ব্যক্তিকে ঘিরে। দীর্ঘদিনের ক্ষোভের কারণে একটি সরকারি অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয় একটি গ্রামের মানুষ। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা নারায়ণন তাদের সামনে ভেট্রির জীবনের গল্প তুলে ধরেন।
গল্পে ভেট্রির জীবনে গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে আসে জেলারের মেয়ে বিজয়লক্ষ্মী বা ভিজি। ভেট্রি তাকে নিজের সন্তানের মতো বড় করেন এবং ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনীতে দেখতে চান।
তবে একটি গোপন নথি ভেট্রি ও ভিজির স্বাভাবিক জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। ‘অপারেশন মেলুগা’ নামের একটি গোপন প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য ভিজির হাতে চলে আসার পর এর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়। সাংবাদিক কায়ালকে সঙ্গে নিয়ে ভেট্রিও এই অনুসন্ধানে যুক্ত হন।
তদন্তের একপর্যায়ে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী জন হিমলারের সঙ্গে ভেট্রির অতীতের সম্পর্ক সামনে আসে। পরে জানা যায়, হিমলারের আসল পরিচয় অমরিশ পুজারি, যিনি একসময় পুলিশ কর্মকর্তা ছিলেন। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত ভয়ংকর প্রকল্পটি বন্ধ করতে ভেট্রি, ভিজি ও বিজ্ঞানী খলিল লড়াই শুরু করেন।
শেষ পর্যন্ত ‘অপারেশন মেলুগা’ থামানো সম্ভব হয়। ভেট্রির সাহসিকতা ও আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে গ্রামের মানুষও নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে এবং সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
‘জন নায়াগন’-এ বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন মামিথা বাইজু, পূজা হেগড়ে, ববি দেওল, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন ও প্রিয়ামণিসহ আরও অনেকে।
এইচ বিনোথের লেখা ও পরিচালনায় নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে কেভিএন প্রোডাকশনস। এর সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।