
ই-বাংলাদেশ ডেস্ক
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রাথমিকভাবে ১৪টি বাস নিয়ে এ বিশেষ সেবা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস চলাচল করবে। ঢাকার বাসগুলোর মধ্যে একটি একতলা ও নয়টি দ্বিতল বাস রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শুধু বাস চালু করলেই হবে না, নারীদের জন্য পুরো যাত্রাপথ নিরাপদ ও যাত্রীবান্ধব করতে হবে। বাসে ওঠার আগে অপেক্ষার সময়, বাসে ওঠা, চলাচল এবং গন্তব্যে নামার সময় পর্যন্ত নারীরা যেন স্বাচ্ছন্দ্যবোধ করেন, তা নিশ্চিত করতে হবে।
তিনি জানান, ভবিষ্যতে নতুন রুটে বাস চালুর পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানো হবে। এই সেবা যেন কয়েক মাস পর বন্ধ হয়ে না যায়, বরং সময়ের সঙ্গে আরও উন্নত ও টেকসই হয়, সেদিকে গুরুত্ব দেওয়া হবে।
বিআরটিসি জানিয়েছে, নারী চালক দ্বারা পরিচালিত নারীবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নারীদের জন্য বিশেষ বাসের পাশাপাশি পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতেও উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রী জানান, সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ২০০টি ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এতে ভবিষ্যতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাসের সংখ্যা ও রুট আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।
মন্ত্রী আরও বলেন, বিআরটিসির বিদ্যমান সেবার মান উন্নত করার পাশাপাশি ঢাকার বাস রুটগুলোও নতুন করে পর্যালোচনা করা হবে। যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে রুট ও রুট পারমিটের ব্যবস্থাপনা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই পিংক বাস সার্ভিস কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাসের সংখ্যা ও রুট বাড়ানো গেলে দেশের আরও বেশি নারী এই বিশেষ পরিবহনসেবার সুবিধা পাবেন।