• হোম > বিনোদন > ‘জান্নাত ৩’ নিয়ে সুখবর, শুরু হয়েছে গল্প-চিত্রনাট্যের কাজ

‘জান্নাত ৩’ নিয়ে সুখবর, শুরু হয়েছে গল্প-চিত্রনাট্যের কাজ

  • সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১৬:৩৭
  • ২২

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘জান্নাত’। ক্রাইম ও রোমান্টিক ঘরানার এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘জান্নাত ৩’ নিয়ে এবার নতুন করে আশার আলো দেখা দিয়েছে। প্রযোজক বিশেষ ভাট জানিয়েছেন, সিনেমাটি নিয়ে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘জান্নাত ৩’-এর গল্প ও চিত্রনাট্য নিয়ে বর্তমানে কাজ চলছে। তবে সিনেমাটির পরিচালক, অভিনয়শিল্পী কিংবা মুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশেষ ভাট জানান, বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাপন ২’-এর পর ‘জান্নাত ৩’ নিয়ে কাজ করার পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিকে আবারও পর্দায় ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হয়েছে।

‘জান্নাত’ থেকে ‘জান্নাত ২’

২০০৮ সালে মুক্তি পায় ‘জান্নাত’। কুণাল দেশমুখ পরিচালিত এবং মুকেশ ভাট প্রযোজিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন ইমরান হাশমি। তার বিপরীতে ছিলেন সোনাল চৌহান।

ম্যাচ ফিক্সিং ও আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে পড়া এক যুবকের দ্রুত ধনী হওয়ার আকাঙ্ক্ষা, প্রেম ও পরিণতিকে কেন্দ্র করে নির্মিত হয় সিনেমাটি। মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে ‘জান্নাত’। সিনেমাটির গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা পায়।

এরপর ২০১২ সালে মুক্তি পায় ‘জান্নাত ২’। কুণাল দেশমুখের পরিচালনায় দ্বিতীয় কিস্তিতেও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ইমরান হাশমি। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেন রণদীপ হুডা ও এষা গুপ্তা।

দীর্ঘ বিরতির পর ‘জান্নাত’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণের আলোচনা শুরু হওয়ায় ইমরান হাশমির ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে প্রথম দুই সিনেমায় ইমরানের অভিনয় ও গানগুলোর জনপ্রিয়তার কারণে ‘জান্নাত ৩’ নিয়ে প্রত্যাশাও বাড়ছে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন, ‘জান্নাত ৩’-এ কি আবারও ইমরান হাশমিকে দেখা যাবে? এখন পর্যন্ত এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নতুন কোনো অভিনয়শিল্পী যুক্ত হবেন কি না, সেটিও স্পষ্ট নয়।

বর্তমানে গল্প ও চিত্রনাট্য তৈরির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে সিনেমাটির পরিচালক, অভিনয়শিল্পী ও শুটিং শুরুর বিষয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15422 ,   Print Date & Time: Monday, 17 August 2026, 12:34:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh