• হোম > বাংলাদেশ | বিচার বিভাগ > ফেসবুক পোস্টের মামলায় তানভীরের জামিন মেলেনি

ফেসবুক পোস্টের মামলায় তানভীরের জামিন মেলেনি

  • সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১৫:৪৯
  • ৫৩

---

ই-বাংলাদেশ ডেস্ক

সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনানি শেষে তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেন।

তানভীরের পক্ষে জামিনের আবেদন করেন বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও আইনজীবী ইজাজ আল ওয়াসী। আদালতের আদেশের পর তিনি বলেন, এ আদেশে তারা সংক্ষুব্ধ। ন্যায়বিচারের আশায় পরবর্তী সময়ে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।

আইনজীবী ইজাজ আল ওয়াসী দাবি করেন, যে ফেসবুক পোস্টের ভিত্তিতে মামলাটি করা হয়েছে, সেই পোস্ট দেওয়া আইডি এবং ব্যবহৃত মুঠোফোন ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্দ করেছে। এগুলোর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য, এমন পরিস্থিতিতে আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া এবং পরে জামিন না দেওয়া ন্যায়বিচারের পরিপন্থি।

দলীয় পদ ও অব্যাহতি নিয়ে যা বললেন আইনজীবী

সালাউদ্দিন তানভীরের দলীয় পদ ও অব্যাহতির বিষয়ে ইজাজ আল ওয়াসী বলেন, তাকে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। গ্রেপ্তারের আগে তানভীরের কাছ থেকে মৌখিকভাবে পাওয়া ব্যাখ্যায় দলীয় নেতারা সন্তুষ্ট হয়েছেন।

তবে তানভীর কারাগারে থাকায় আনুষ্ঠানিকভাবে তার লিখিত জবাব নেওয়া সম্ভব হয়নি। লিখিত জবাব দেওয়ার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার ওপর দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহারের সুযোগ নেই বলেও জানান তিনি।

যেভাবে গ্রেপ্তার হন তানভীর

এর আগে গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরি পাড়ার একটি বাড়ি থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সেদিনই তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে ১০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান তানভীরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বর্তমানে সাইবার সুরক্ষা আইনের এ মামলায় তানভীরের জামিন আবেদন আদালতে নামঞ্জুর হওয়ায় তার কারামুক্তি আপাতত আটকে গেল। তার আইনজীবী জানিয়েছেন, ন্যায়বিচারের প্রত্যাশায় উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15420 ,   Print Date & Time: Friday, 2 October 2026, 06:00:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh