![]()
ই-বাংলাদেশ ডেস্ক
চলমান বিদ্যুৎ সংকটের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই দেশে বিদ্যুৎ ও গ্যাসের চলমান সমস্যা সমাধানে দৃশ্যমান অগ্রগতি হবে। এ সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালী কড়াইল টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ ইস্যুকে কেন্দ্র করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তবে সরকার গ্যাসের সংকট সমাধানে কাজ করছে এবং বিদ্যুৎ খাতে বিদ্যমান কারিগরি ত্রুটিও আগের তুলনায় কমিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, দ্রুতই দেশের মানুষ চলমান বিদ্যুৎ সংকট থেকে মুক্তি পাবে। পাশাপাশি গ্যাস সরবরাহের সমস্যা সমাধানেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের সমস্যা সমাধানে শুধু সমালোচনা নয়, বাস্তবভিত্তিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে জবাবদিহি নিশ্চিত হয়। আর জবাবদিহি থাকলেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব। সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও এ সময় তুলে ধরেন তিনি।
তিনি জানান, আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের কাজ শুরু হবে। পাশাপাশি দেশের উপজেলা পর্যায়ের সব ৫০ শয্যার হাসপাতালকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
সরকারের এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ এবং বিদ্যুৎ-গ্যাসের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবা আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।