• হোম > দেশজুড়ে > নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি

  • শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ২০:৫০
  • ৬

---

ই-বাংলাদেশ ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পালটা গুলিতে এক অস্ত্রধারী মাদক কারবারিও আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল। অন্যদিকে পুলিশের গুলিতে আহত অবস্থায় আটক মাদক কারবারি হলেন রেজ্জাক বেপারীর ছেলে জসিম (২৪)। আটক অপর ব্যক্তি একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন (২৩)।

পুলিশ জানায়, শনিবার ইসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় জসিম, মোহনসহ ৭ থেকে ৮ জন মাদক কারবারি পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি চালায়। এতে জসিম গুলিবিদ্ধ হন। একই সময় মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করে। একই সঙ্গে আহত অবস্থায় জসিম ও মোহনকে আটক করা হয়। আহত পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ মাদক কারবারিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, মাদকবিরোধী অভিযান চলাকালে অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা পালটা গুলি ছোড়েন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অভিযানে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য অস্ত্রধারী ও মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15340 ,   Print Date & Time: Saturday, 15 August 2026, 04:44:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh