![]()
ই-বাংলাদেশ ডেস্ক
প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্দেশে অতীতের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে মিথ্যা, বিভ্রান্তি ও উসকানির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থদের সহায়তা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
জামায়াতের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ভুল অতীতে করেছেন। ৭১ সালে ভুল করেছেন, ৮৬ সালে ভুল করেছেন, এরপর ৯৬ সালে ভুল করেছেন। ২০২৬ সালে এসেও মানুষকে বিভ্রান্ত করেছেন, টিকিট-মিকিট বিক্রি করেছেন। এই সব বিভ্রান্তির রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব মিথ্যার রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব উসকানি দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসুন।’
দেশ ও জনগণের স্বার্থে বিরোধী দলগুলোকে সরকারের সমালোচনার পাশাপাশি বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে সামনে আসার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, জনগণের কল্যাণে কার্যকর কোনো পরিকল্পনা থাকলে তা সংসদ ও জনগণের সামনে উপস্থাপন করা উচিত।
প্রধানমন্ত্রী বলেন, সত্যিকারভাবে জনগণের ভালো হতে পারে এবং মানুষের কাজে আসে—এমন পরিকল্পনা থাকলে তা সংসদে ও জনগণের সামনে উপস্থাপন করতে হবে। পরিকল্পনা বাস্তবসম্মত ও দেশের মানুষের জন্য কল্যাণকর হলে সরকার তা বাস্তবায়নে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেন তিনি।
তারেক রহমান বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে। গ্যাস সরবরাহের সংকট মোকাবিলায় সরকার কাজ করছে এবং কারিগরি ত্রুটি কমিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে সরকারের উদ্যোগে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং দ্রুতই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিরোধী দলগুলোর প্রতি এসব সমস্যা সমাধানে কার্যকর পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের ভুল থাকলে তা ধরিয়ে দেওয়ার পাশাপাশি কীভাবে সমস্যার সমাধান করা যায়, সে বিষয়ে বাস্তবসম্মত প্রস্তাবও দিতে হবে।
গণতন্ত্র ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি নিশ্চিত হয় এবং জবাবদিহির মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণের কাজ শুরু হবে। পাশাপাশি দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর বক্তব্যে একদিকে বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা, অন্যদিকে দেশের চলমান অর্থনৈতিক ও অবকাঠামোগত সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা উঠে আসে। তিনি রাজনৈতিক বিরোধের বাইরে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কার্যকর পরিকল্পনা ও সহযোগিতার মাধ্যমে দেশ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।