• হোম > বাংলাদেশ > বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না: আসিফ নজরুল

বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না: আসিফ নজরুল

  • শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১৮:২৭
  • ৭

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক ভূমিকা, স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান এবং স্বাধীনতার পর তাঁর শাসনামল নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

আসিফ নজরুল বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর অনেক কারণ রয়েছে। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য ও অতুলনীয় বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি।

স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকার স্বীকৃতি

আসিফ নজরুলের মতে, দীর্ঘ ওই সময়ে বঙ্গবন্ধুর মধ্যে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি স্পষ্ট অঙ্গীকার দেখা গেছে। ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও এর প্রতিফলন পাওয়া যায় বলে উল্লেখ করেন তিনি।

তবে স্বাধীনতার পর দেশ পরিচালনায় বঙ্গবন্ধুর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক এই আইন উপদেষ্টা। তিনি বলেন, ১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনা নানা কারণেই অত্যন্ত কঠিন ছিল। কিন্তু সেই বাস্তবতা বঙ্গবন্ধুর শাসনামলে পরবর্তী সময়ে কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হওয়ার বিষয়কে ন্যায্যতা দেয় না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর শাসনামলের দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাকে কোনো কিছু দিয়ে আড়াল করা যায় না।

শেখ হাসিনার শাসনামল নিয়েও সমালোচনা

আসিফ নজরুল বলেন, বঙ্গবন্ধুর কয়েক বছরের শাসন নিয়ে সমালোচনা থাকলেও স্বাধীনতা সংগ্রামে তাঁর জীবনব্যাপী অবদানের কারণে বহু মানুষ তাঁকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। নিজেকেও তাঁদের একজন হিসেবে উল্লেখ করেন তিনি।

তবে শেখ হাসিনার শাসনামলের কারণে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করা তাঁর মতো মানুষের জন্য কঠিন হয়ে উঠেছিল বলে মন্তব্য করেন আসিফ নজরুল।

তিনি শেখ হাসিনার শাসনকে ‘আইডেনটিটি-বেসড ফ্যাসিজম’-এর একটি নিকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, নিজের শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে শেখ হাসিনা তাঁর বাবার রাজনৈতিক উত্তরাধিকারকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন।

আসিফ নজরুলের ভাষ্য অনুযায়ী, এর ফলে বঙ্গবন্ধুর ভাবমূর্তি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংঘাতপূর্ণ অবস্থানে চলে যায়। তিনি আরও মন্তব্য করেন, শেখ হাসিনার শাসনামলেই বঙ্গবন্ধুর ‘দ্বিতীয় মৃত্যু’ ঘটেছে।

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

পোস্টের শেষাংশে আসিফ নজরুল ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের কথা স্মরণ করেন। তিনি বলেন, ওই দিন এক নির্মম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারের প্রায় সব সদস্যসহ নিহত হন।

বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও তাঁর জন্য দোয়া জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন সাবেক এই আইন উপদেষ্টা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15300 ,   Print Date & Time: Saturday, 15 August 2026, 02:39:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh