• হোম > রাজনীতি > বিদ্যুৎ-জ্বালানি সংকটে সংসদের বিশেষ অধিবেশন চান শফিকুর রহমান

বিদ্যুৎ-জ্বালানি সংকটে সংসদের বিশেষ অধিবেশন চান শফিকুর রহমান

  • শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১১:৩৬
  • ৬৪

---

ই-বাংলাদেশ ডেস্ক

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আর্থ-সামাজিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলার অবনতির বিষয়টি নিয়ে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ বিষয়ে শুক্রবার (১৪ আগস্ট) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

চিঠিতে শফিকুর রহমান দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে বলেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিল্প-উৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এর পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, জনগণের প্রতিনিধি হিসেবে দেশের এমন সংকটময় পরিস্থিতিতে নীরব থাকার সুযোগ নেই। উদ্ভূত সংকট মোকাবিলায় জাতীয় সংসদে অর্থবহ আলোচনা করা এবং দ্রুত কার্যকর সমাধানের পথ খুঁজে বের করা জরুরি।

এ কারণে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ দেশের অন্যান্য জরুরি সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

শফিকুর রহমানের মতে, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সংসদকে কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণের দুর্ভোগ কমানো, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জাতীয় পর্যায়ে সমন্বিত আলোচনা প্রয়োজন।

বিশেষ অধিবেশন আহ্বান করা হলে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি দেশের সার্বিক আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়েও সংসদে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/15250 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 08:14:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh