![]()
ই-বাংলাদেশ ডেস্ক
নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (৯ আগস্ট) এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদায়, সুশৃঙ্খলভাবে ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এসব কমিটি গঠন করা হয়েছে।
যেসব কমিটি গঠন করা হয়েছে
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি গঠন করা হয়েছে।
সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে গঠন করা হয়েছে আসন ব্যবস্থাপনা কমিটি।
অন্যদিকে আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি।
দ্রুত কর্মপরিকল্পনা নেওয়ার নির্দেশ
অফিস আদেশে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কমিটিগুলোতে আরও কর্মকর্তা-কর্মচারীকে অন্তর্ভুক্ত করা যাবে। অফিস আদেশ পাওয়ার পর কমিটিগুলো দ্রুত সভা আহ্বান করে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণ করবে।
এ ছাড়া উপকমিটির আহ্বায়করা তাদের কার্যক্রম সম্পর্কে নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার)-কে অবহিত করবেন এবং প্রয়োজন অনুযায়ী তাঁর কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশনা নেবেন।
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ১৩ আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের দিন, সময় ও স্থান নির্ধারণ করা হবে।
নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদ বিভাগের ছয় কমিটি গঠনের মাধ্যমে এর আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু হলো।