![]()
ই-বাংলাদেশ ডেস্ক
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও দুই নেতার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।
বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রীকে স্বাগত
প্রধানমন্ত্রী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক মুহিব্বুল্লাহ বাবুনগরী। পরে তিনি প্রধানমন্ত্রীকে অতিথিকক্ষে নিয়ে যান। সেখানে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে বাবুনগরীর এ সাক্ষাৎকে কেন্দ্র করে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সফর উপলক্ষে আগে থেকেই সেখানে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল।
শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
ফটিকছড়িতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী বাঁশখালী থেকে হেলিকপ্টারে করে পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন। পরে সড়কপথে বাবুনগর মাদ্রাসার উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর গাড়ি মাদ্রাসার দিকে যাওয়ার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা তাঁকে শুভেচ্ছা জানায়। মাদ্রাসায় পৌঁছে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ক্ষুদে শিক্ষার্থীদের কাছে এগিয়ে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আন্তরিক আচরণ উপস্থিতদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে।
মতবিনিময় সভায় বাবুনগরী
বাবুনগরীর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।
সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে সরকারের সঙ্গে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের নেতৃত্বের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন হলো।
আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
বাবুনগর মাদ্রাসার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী পাশের উপজেলা হাটহাজারীতে যাওয়ার কথা রয়েছে। সেখানে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।
এর আগে রোববার সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে যান প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন।
পরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সহায়তা কার্যক্রমে অংশ নেন তিনি। দিনব্যাপী সফরের অংশ হিসেবে ফটিকছড়ি ও হাটহাজারীতেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।