![]()
ই-বাংলাদেশ ডেস্ক
দেশ গঠনের সময়ে অস্থিতিশীলতার চেষ্টা চলছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশ পুনর্গঠন ও উন্নয়নের কাজ এগিয়ে নিচ্ছেন, তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি যখন ইতিবাচকভাবে এগোতে শুরু করে, তখনই একটি মহল দেশকে পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ ধরনের তৎপরতা শুধু দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘যখনই দেশ ওপরে উঠতে থাকে, তখনই একটি মহল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পেছনে ঠেলে দিতে চায়।’
বর্তমান সময়ে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে বিএনপির মহাসচিব বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে কাজ করার আহ্বানও জানান তিনি।
চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা
চিকিৎসা ও স্বাস্থ্য খাতের উন্নয়নেও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি জানান, সরকার দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করার পরিকল্পনা করছে।
তিনি বলেন, নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। জনগণের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে স্বাস্থ্য খাতের উন্নয়নও গুরুত্বপূর্ণ। জনগণের জীবনমান উন্নত করতে হলে সবার জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর এই চিকিৎসক সমাবেশে দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে চিকিৎসক ও ড্যাবের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।