![]()
ই-বাংলাদেশ ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানকে ঘিরে ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য সিনেমা ও চরিত্র দিয়ে দর্শকদের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। তবে অভিনয়জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা এবং অতীতের কিছু ঘটনা নিয়ে খোলামেলা কথা বলেছেন শাকিব খান। সেখানে তিনি স্বীকার করেছেন, জীবনে অনেক ভুল করেছেন। তবে সেসব ভুল কী ছিল, তা স্পষ্ট করে জানাননি এই অভিনেতা।
জীবনে কোনো ভুল করেছেন কি না—উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, তিনি জীবনে অনেক ভুল করেছেন। অতীতের দিকে ফিরে তাকালে কখনো কখনো কিছু সিদ্ধান্ত নিয়ে তার আফসোস হয় বলেও জানান তিনি।
শাকিব খানের ভাষায়, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছনে ফিরে তাকালে আফসোস লাগে।’
এসব ভুল কেন হয়েছিল—এমন প্রশ্নের জবাবে শাকিব খান বিষয়টিকে অনেকটা ভাগ্যের ওপর ছেড়ে দেন। তিনি বলেন, ‘ওই যে—কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারত। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।’
অতীতের কিছু ঘটনা যে এখনো তাকে ভাবায়, সেটিও অকপটে জানিয়েছেন ঢাকাই সিনেমার এই তারকা। নিজের সঙ্গে একান্তে সময় কাটানোর সময় অতীতের বিভিন্ন বিষয় তাকে পীড়া দেয় বলে জানান তিনি।
শাকিব খান বলেন, ‘নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কী আর করব, অনেক কিছু চাইলেও তো পরিবর্তন করা সম্ভব নয়, আমাদের হাতে নেই। কিন্তু যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে-শুনে সেটা করা যায় না।’
সাক্ষাৎকারের একপর্যায়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্নও করা হয়। বিশেষ করে তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে প্রসঙ্গে জানতে চাইলে শাকিব খান বলেন, তারা দুজনই তার জীবনের অংশ। তবে তাদের নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে চান না তিনি।
শাকিবের ভাষায়, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।’
তাদের সতর্ক করা হয় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দেখা হলে মাঝে মাঝে তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত খবর প্রকাশ নিয়েও নিজের বিরক্তির কথা জানান শাকিব খান। তার মতে, বর্তমানে কোনো ঘটনা ঘটার আগেই অনেক সময় সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি বাস্তবে যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, এমন অনেক ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে দেওয়া হয়।
এ ধরনের প্রচারণার কারণে তিনি আগের তুলনায় অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন বলেও জানান শাকিব খান। তার মতে, অতিরঞ্জিত খবর ও নানা ধরনের আলোচনা ব্যক্তিগত জীবনে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে।
এদিকে নিজের অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’ নিয়েও আশাবাদী শাকিব খান। চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য, জনপ্রিয়তা ও নানা বিতর্কের মধ্য দিয়ে এগিয়ে চলা শাকিব খান এখন জীবনের বাকি সময়টা আরও স্বাভাবিক ও আনন্দময়ভাবে কাটাতে চান। অতীতের ভুলগুলো বদলে ফেলার সুযোগ না থাকলেও সেসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথাই যেন তার বক্তব্যে উঠে এসেছে।