• হোম > বাংলাদেশ > বিটিভির নতুন মহাপরিচালক মিজ কাজী জেসিন, এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

বিটিভির নতুন মহাপরিচালক মিজ কাজী জেসিন, এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

  • শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২:৪২
  • ৬৪

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিজ কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে মিজ কাজী জেসিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

মিজ কাজী জেসিনের জন্ম গাইবান্ধা জেলায়। ১৯৯৭ সালে লিটল ম্যাগাজিনে প্রবন্ধ লেখার মাধ্যমে তার লেখালেখির যাত্রা শুরু হয়। পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে দীর্ঘ সময় কাজ করেছেন।

পেশাগত জীবনে তিনি দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টেলিভিশন, বাংলাভিশন, যমুনা টেলিভিশন এবং জিটিভি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতা ও গণমাধ্যমে দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে তাকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির সর্বোচ্চ প্রশাসনিক পদে দায়িত্ব দেওয়া হলো।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম, অনুষ্ঠান পরিকল্পনা এবং ডিজিটাল সম্প্রসারণে নতুন গতি আসতে পারে। তবে নিয়োগের পর তার দায়িত্ব ও কর্মপরিকল্পনা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14933 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 04:16:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh