• হোম > বাংলাদেশ > বাংলাদেশ সরকার নিয়ে শেখ হাসিনার মন্তব্যে ভারতের স্পষ্ট অবস্থান

বাংলাদেশ সরকার নিয়ে শেখ হাসিনার মন্তব্যে ভারতের স্পষ্ট অবস্থান

  • শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২:৩৮
  • ৭৭

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশের বর্তমান সরকার সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া মন্তব্যকে সমর্থন করে না বলে স্পষ্ট জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দিল্লিতে অনুষ্ঠিত তার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না বলেও জানিয়েছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনটি একটি বেসরকারি মিডিয়া সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না।

রণধীর জয়সওয়াল বলেন, “এই সংবাদ সম্মেলন আয়োজনের পেছনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। অনুষ্ঠানটির আগেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছিলাম এবং আজও একই কথা বলছি—এটি একটি বেসরকারি মিডিয়া সংগঠনের আয়োজন, সরকারের নয়।”

তিনি আরও বলেন, ওই অনুষ্ঠানে বাংলাদেশের যথাযথভাবে গঠিত সরকার সম্পর্কে যেসব মন্তব্য করা হয়েছে, ভারত সরকার সেসব বক্তব্যের কোনোটি সমর্থন বা অনুমোদন করে না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নয়াদিল্লি সব সময় প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। বিশেষ করে যেসব বিষয় ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলোর ওপর সরকার সতর্ক নজর রাখছে।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রয়োজন অনুযায়ী ভারতের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দিল্লিতে ফরেন করেসপনডেন্টস অব সাউথ এশিয়া আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হলে ভারতের অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়।

পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, ওই সংবাদ সম্মেলন বা সেখানে দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14930 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 04:17:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh