• হোম > বাংলাদেশ > কোরিয়ান বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী

কোরিয়ান বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা দেখছেন প্রধানমন্ত্রী

  • সোমবার, ৩ আগস্ট ২০২৬, ২০:৪১
  • ৭২

---

ই-বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ বৃদ্ধি এবং জাহাজ নির্মাণ শিল্পে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে সিইপিএ চুক্তির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, চুক্তিটি কার্যকর হলে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও জানান, বর্তমানে অনেক দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান সফলভাবে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। ভবিষ্যতে আরও অনেক কোরিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দক্ষিণ কোরিয়া বিশ্বে জাহাজ নির্মাণ শিল্পে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। অন্যদিকে বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনাময় ও কর্মক্ষম জনশক্তি। এই দুই শক্তির সমন্বয় ঘটানো গেলে উভয় দেশই লাভবান হবে।

প্রধানমন্ত্রী প্রস্তাব দেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে জাহাজ নির্মাণ শিল্পের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করতে পারে। সেখানে বাংলাদেশি কর্মীদের কারিগরি প্রশিক্ষণ ও কোরিয়ান ভাষা শিক্ষা দিয়ে দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাণ শিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো যদি বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ করে, তাহলে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সহায়তা প্রদান করবে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কোরিয়ান বিনিয়োগকারীদের অংশগ্রহণে একটি বিশেষ সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়। পাশাপাশি দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার ও পদক্ষেপ তুলে ধরা হয়।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের এসব উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করবে।

বৈঠকের শেষদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14834 ,   Print Date & Time: Monday, 12 October 2026, 04:50:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh