• হোম > বাংলাদেশ > বেনজীর আহমেদকে ফেরাতে আইনি ও কূটনৈতিক তৎপরতা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীর আহমেদকে ফেরাতে আইনি ও কূটনৈতিক তৎপরতা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯:১৫
  • ৭০

---

ই-বাংলাদেশ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক যোগাযোগও জোরদার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মনে করছে সাবেক পুলিশপ্রধানের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে। সম্ভাব্য এই বিষয়টি মাথায় রেখেই সরকার প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি কৌশল নির্ধারণ করছে।

মন্ত্রী জানান, বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আদালতের দেওয়া শর্তসাপেক্ষ জামিনে রয়েছেন। তিনি যাতে দেশটি ত্যাগ করতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করতেই সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত একটি ল’ ফার্মকে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং দ্রুত জামিন বাতিলের আবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বেনজীর আহমেদের আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র প্রস্তুত করা হচ্ছে এবং সেগুলো আদালতে জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ার পাশাপাশি সরকারের কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, আদালতের প্রক্রিয়া ও কূটনৈতিক প্রচেষ্টা সফল হলে বেনজীর আহমেদের প্রত্যাবর্তনের পথ আরও সহজ হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14814 ,   Print Date & Time: Sunday, 11 October 2026, 03:22:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh