• হোম > বাংলাদেশ > সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে পর্যায়ক্রমে

সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে পর্যায়ক্রমে

  • সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯:০৯
  • ৯২

---

ই-বাংলাদেশ ডেস্ক

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল (সোলার প্যানেল) স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে কার্যকর অর্থনৈতিক মডেল তৈরির নির্দেশনাও দিয়েছেন তিনি।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সৌর বিদ্যুৎ বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে প্রথম ধাপে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে সৌর প্যানেল স্থাপন করা হবে। পাশাপাশি সোলার ইনভার্টার উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে এবং সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ ব্যবহারে উৎসাহ বাড়াতে বাস্তবসম্মত অর্থনৈতিক কাঠামো তৈরি করা হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।

সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনগুলোতে সৌর বিদ্যুতের সফল ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যেও এ প্রযুক্তি ব্যবহারের আগ্রহ বাড়বে। তাই সরকারি পর্যায়ে উদাহরণ তৈরি করেই নবায়নযোগ্য জ্বালানির বিস্তার ঘটানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভায় প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপ পৃথক উপস্থাপনায় আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সম্ভাবনা তুলে ধরে। তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

উপস্থাপনায় আরও জানানো হয়, সৌর বিদ্যুতের মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র সহজেই পরিচালনা করা সম্ভব। পাশাপাশি বিদ্যুৎ বিল কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে এর অর্থনৈতিক ও ব্যবহারিক সুবিধা ব্যাপকভাবে প্রচারের সুপারিশ করা হয়।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞদের মতে, সরকারি ভবনে সৌর বিদ্যুৎ ব্যবহারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং দীর্ঘমেয়াদে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14812 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 03:14:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh