• হোম > খেলা > বিশ্বকাপ নিয়ে ফিফা-উয়েফা দ্বন্দ্ব তীব্র, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বিশ্বকাপ নিয়ে ফিফা-উয়েফা দ্বন্দ্ব তীব্র, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

  • সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৮:২৪
  • ৯৮

---

ই-বাংলাদেশ ডেস্ক

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ঘিরে ফিফা-উয়েফা সংঘাত, ইনফান্তিনোকে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বিশ্বকাপ ও ফিফার অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টের বাণিজ্যিক অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে ফিফা ও উয়েফার মধ্যে বিরোধ আরও তীব্র হয়েছে। এ পরিকল্পনার জেরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। একই সঙ্গে এ পরিকল্পনা-সংক্রান্ত কোনো নথি বা ডিজিটাল তথ্য নষ্ট না করার জন্যও তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ স্পোর্ট জানিয়েছে, ইনফান্তিনোর পাশাপাশি জশুয়া কুশনার, গ্রেগ মাফেই, জেপি মরগান এবং ওপেনইকোনমিকসের কাছেও পৃথক চিঠি পাঠিয়েছে উয়েফা। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিতর্কিত এই উদ্যোগের কারণে সংস্থাটি আইনি ব্যবস্থা, সালিশি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ দায়েরের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি খাতে হস্তান্তরের প্রস্তাবটি সামনে আসার পর থেকেই ইউরোপীয় ফুটবলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন ব্যবসায়ীর সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে। শেষ পর্যন্ত নজিরবিহীন চাপ ও বিরোধিতার মুখে শনিবার পরিকল্পনাটি প্রত্যাহার করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এই বিরোধে সবচেয়ে শক্ত অবস্থান নেয় উয়েফা। সংস্থাটি আগেই ঘোষণা দিয়েছিল, ইনফান্তিনো পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোলে তাদের ৫৫টি সদস্য দেশ বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনা করবে। পাশাপাশি তাকে সভাপতির পদ থেকে অপসারণের দাবিতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।

শুক্রবার পাঠানো আইনি নোটিশে উয়েফা জানায়, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে প্রস্তাবিত প্রকল্পটি ফুটবল পরিচালনার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাই ভবিষ্যতে আইনি প্রক্রিয়ার প্রয়োজন হতে পারে—এমন সম্ভাবনা বিবেচনায় সংশ্লিষ্ট সব নথি, ই-মেইল, ডিজিটাল তথ্য ও যোগাযোগের রেকর্ড অবিলম্বে সংরক্ষণ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, ফিফা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে থাকা কোনো তথ্য বা নথি ধ্বংস, পরিবর্তন, গোপন বা মুছে ফেলা হলে তা প্রমাণ নষ্ট করার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। এমন ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করবে উয়েফা।

উয়েফার দেওয়া তালিকায় ইনফান্তিনোর পাশাপাশি ফিফার চিফ অব গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট আর্সেন ওয়েঙ্গার, সেক্রেটারি জেনারেল মাটিয়াস গ্রাফস্ট্রোম এবং চিফ অপারেটিং অফিসার কেভিন লামুরের নামও রয়েছে। তাদের কাছেও সংশ্লিষ্ট সব তথ্য সংরক্ষণের নির্দেশনা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার এক বিবৃতিতে কেভিন লামুর অভিযোগ করেন, সভাপতি ইনফান্তিনো তাকে এবং ফিফার অন্য কর্মকর্তাদের ‘প্রতারিত’ করেছেন।

এদিকে, গত মঙ্গলবার পরিকল্পনাটি প্রকাশের সময় ফিফা জানায়, সম্ভাব্য বিনিয়োগকারী দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের। এছাড়া ট্রাম্পের নির্বাচনি তহবিলের অন্যতম দাতা এবং ব্যান ভেঞ্চারসের প্রধান নির্বাহী গ্রেগ মাফেই, আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান জেপি মরগান এবং ওপেনইকোনমিকসও এ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল।

তবে বিশ্ব ফুটবলের অন্যতম বড় এই বিতর্ক নিয়ে ফিফার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোনো জবাব দেয়নি সংস্থাটি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14800 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 03:15:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh