ই-বাংলাদেশ ডেস্ক
হামে আরও ৪ শিশুর মৃত্যু, দেশে মৃতের সংখ্যা বেড়ে ৮৪৪; নতুন আক্রান্ত ১,১৩৭
দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই মারা গেছে ৩ শিশু। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৭ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২ আগস্ট) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামের নিয়মিত পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৬ শিশু। ফলে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১১৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ২৯৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এছাড়া গত এক দিনে ১ হাজার ২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার ৮৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে রোগীর চাপও বৃদ্ধি পেয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ১২ হাজার ৬২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। তাই শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।