• হোম > বাংলাদেশ > পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরক মেলেনি, আতঙ্কের কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরক মেলেনি, আতঙ্কের কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৬:০৮
  • ৫৩

---

ই-বাংলাদেশ ডেস্ক

দেশে অপরাধের হার তুলনামূলক কম, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অপরাধ ও নাশকতার হার আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগ ও সন্দেহজনক বস্তু পরীক্ষা করে কোথাও বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

রোববার (৩ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শনিবার বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলো আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করেছে। তবে সেগুলোর ভেতরে কোনো ধরনের বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।

তিনি বলেন, জননিরাপত্তার স্বার্থে কোনো স্থানে পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক বস্তু দেখা গেলে তাৎক্ষণিকভাবে বোম্ব ডিসপোজাল ইউনিট ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। এটি নিরাপত্তা ব্যবস্থার স্বাভাবিক অংশ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, এর আগে আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতরে পাওয়া সন্দেহজনক বস্তু এবং রাজধানীর মতিঝিলে উদ্ধার হওয়া আরেকটি বস্তু নিয়ে পৃথকভাবে তদন্ত চলছে। এসব ঘটনার পেছনে কোনো নাশকতার পরিকল্পনা বা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা।

তিনি বলেন, গত পাঁচ থেকে ছয় মাসের অপরাধসংক্রান্ত পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, তুলনামূলক বিচারে দেশে অপরাধ ও নাশকতার হার অনেকটাই কমেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সরকারের নিয়ন্ত্রণে আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বিশেষায়িত ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। সম্ভাব্য যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

আগস্ট মাসজুড়ে বিশেষ সতর্কতা জারির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু রাজনৈতিক তৎপরতা ও কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এ কারণে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যেকোনো ধরনের নাশকতার চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14758 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 11:49:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh