![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এনসিপির কয়েকজন নেতার ছবি-সংবলিত একটি ব্যানার নামিয়ে ছিঁড়ে আগুন ধরিয়ে দেন।
শনিবার (১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা সাতমাথার সপ্তপদী মার্কেটের সামনে টানানো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন কেন্দ্রীয় নেতার ছবি-সংবলিত একটি ব্যানার নামিয়ে ছিঁড়ে ফেলেন এবং পরে সেটিতে অগ্নিসংযোগ করেন।
সমাবেশে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান অভিযোগ করেন, এনসিপির কিছু দায়িত্বশীল ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, এসব বক্তব্য দেশের রাজনৈতিক সম্প্রীতি ও জুলাই আন্দোলনের চেতনাকে ক্ষতিগ্রস্ত করছে।
তিনি আরও বলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর জিয়া পরিবারকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা বগুড়ার মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, তারেক রহমান কোটি কোটি তরুণের আবেগ ও বিশ্বাসের প্রতীক। সামাজিক মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়া বিতর্কিত মন্তব্যের দ্রুত বিচার নিশ্চিত না হলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে।
তিনি এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বকে প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এর আগে, শুক্রবার (৩১ জুলাই) একই ঘটনার প্রতিবাদে বগুড়ার সাতমাথা এলাকায় সাবেক ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধাদের ব্যানারে পৃথক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সে সময়ও গাজী সালাউদ্দিন তানভীরের ছবি সংবলিত ব্যানারে জুতাপেটা ও অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি তাকে এবং এনসিপির সদস্যসচিব নাসীরুদ্দীন পাটওয়ারীকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিতর্কিত মন্তব্যের জেরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে দল।