![]()
ই-বাংলাদেশ ডেস্ক
দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস্থাপনা আরও কার্যকর করতে আজ (১ আগস্ট) থেকে সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন এই নির্দেশনার ফলে জিপিএস ছাড়া কোনো গণপরিবহনের নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান কিংবা নবায়ন করা হবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ১ আগস্ট থেকে যেকোনো গণপরিবহনের নতুন নিবন্ধন অথবা ফিটনেস সনদ প্রদান ও নবায়নের সময় সংশ্লিষ্ট গাড়িতে জিপিএস ডিভাইস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি নির্ধারিত মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিএস ডিভাইস সচল রয়েছে—এমন তথ্যও বিআরটিএ কার্যালয়ে প্রদর্শন করতে হবে।
বিআরটিএ জানিয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি মান ও প্রয়োজনীয় নির্দেশনা সংস্থাটির স্থানীয় কার্যালয় এবং সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে। নির্ধারিত মান অনুযায়ী ডিভাইস সংযুক্ত ও কার্যকর না থাকলে কোনোভাবেই যানবাহনের নিবন্ধন বা ফিটনেস সনদ দেওয়া হবে না।
সংস্থাটি আরও জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের নিবন্ধন ও ফিটনেস সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করা হবে।
পরিবহন খাত সংশ্লিষ্টদের মতে, জিপিএস বাধ্যতামূলক হওয়ায় যানবাহনের অবস্থান, গতি, নির্ধারিত রুট অনুসরণ এবং সময়সূচি পর্যবেক্ষণ আরও সহজ হবে। একই সঙ্গে দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন এই ব্যবস্থা কার্যকর বাস্তবায়নে পরিবহন মালিক, চালক এবং সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিআরটিএ। সরকারের আশা, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক করে তুলবে।