![]()
ই-বাংলাদেশ ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলে বড় স্বস্তির খবর এসেছে। ইনজুরি কাটিয়ে প্রথম টেস্টের স্কোয়াডে ফিরেছেন জাতীয় দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে বাম পায়ের কাফে চোট পাওয়ায় প্রথম ঘোষিত দলে জায়গা হয়নি ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত সুস্থ হয়ে ওঠায় শেষ মুহূর্তে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, রোববার লিটন দাস অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। গত জুন মাস থেকে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও সাম্প্রতিক ফিটনেস মূল্যায়নে সন্তোষজনক অগ্রগতি হওয়ায় নির্বাচকরা তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনা করেছেন।
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দল প্রথমে ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম লড়াই। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল এই সিরিজে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। লিটন দাসের প্রত্যাবর্তন ব্যাটিং লাইনআপের পাশাপাশি উইকেটকিপিং বিভাগেও দলকে বাড়তি শক্তি দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান এবং মোস্তাফিজুর রহমান।