• হোম > বাংলাদেশ > রাজধানীর দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বিস্ফোরক না পেয়ে স্বস্তি

রাজধানীর দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বিস্ফোরক না পেয়ে স্বস্তি

  • শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬:৪৫
  • ৭০

---

ই-বাংলাদেশ ডেস্ক

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে শনিবার (১ আগস্ট) সকালে পৃথক দুটি ‘বোমাসদৃশ’ বস্তু ঘিরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। একটি ব্যাগে জর্দার কৌটা ও পান এবং অন্যটিতে একটি খালি বস্তা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সকাল প্রায় ১১টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের যাত্রী ওঠানামার সাইনবোর্ডের ওপর একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখে এমআরটি পুলিশ। বিষয়টি জানাজানি হলে যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা নিশ্চিত করে এবং ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে নিশ্চিত হয় যে বস্তার ভেতরে কোনো বিস্ফোরক নেই। পরে দেখা যায়, সেটি ছিল একটি খালি বস্তা।

অন্যদিকে, দুপুর পৌনে ১টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের ‘বি’ গেটের সিঁড়ির পাশে একটি পরিত্যক্ত শপিং ব্যাগ দেখতে পায় এমআরটি পুলিশ। তাৎক্ষণিকভাবে মিরপুর মডেল থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় তৈরি করে।

স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ব্যাগটি এক্স-রে করা হলে ভেতরে একটি কৌটাসদৃশ বস্তু শনাক্ত হয়। সম্ভাব্য ঝুঁকি এড়াতে বোম্ব ডিসপোজাল ইউনিট ‘ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর’ ব্যবহার করে ব্যাগটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ব্যাগটি খুলে দেখা যায় সেখানে কোনো বিস্ফোরক নেই। ব্যাগের ভেতরে ছিল একটি জর্দার কৌটা ও কিছু পান।

ঘটনার পর ডিএমপি এক বার্তায় রাজধানীবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট থানা পুলিশ ও সিটিটিসির বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজধানীতে সন্দেহজনক বস্তু উদ্ধারের কয়েকটি ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গত ৩০ জুলাই আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে থেকে প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়। এছাড়া ২৪ জুলাই মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর থেকে একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) উদ্ধার করা হয়েছিল। এসব ঘটনার পর রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা নজরদারি আরও বাড়ানো হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14681 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 02:41:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh