![]()
ই-বাংলাদেশ ডেস্ক
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
এই সফরকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি বাংলাদেশে সার্জিও গরের প্রথম সরকারি সফর।
সফর উপলক্ষে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। তার এই সফর দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।
সফরের প্রথম দিনেই সার্জিও গর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও গভীর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে মার্কিন বিশেষ দূতের। সেখানে তিনি রোহিঙ্গা সংকট, মানবিক সহায়তা কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরেজমিন ধারণা নেবেন।
এছাড়া সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, ব্যবসায়ী প্রতিনিধি এবং নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন সার্জিও গর। এসব বৈঠকে গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। একই সঙ্গে বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।