• হোম > বাংলাদেশ > দেওয়ানি মামলার জট কমাতে সরকারের নতুন উদ্যোগ: আইনমন্ত্রী

দেওয়ানি মামলার জট কমাতে সরকারের নতুন উদ্যোগ: আইনমন্ত্রী

  • বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫:৪১
  • ৩৫

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

দেশে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দেওয়ানি মামলার জট নিরসনে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত, দক্ষ ও জনবান্ধব করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (জেএটিআই)-এ অনুষ্ঠিত ‘দেওয়ানি মামলা নিষ্পত্তিতে বিলম্ব নিরসন: বাংলাদেশ ও জাপানের যৌথ অভিজ্ঞতা’ শীর্ষক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইন ও বিচার বিভাগ এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, দেশে এখনো বহু পুরোনো দেওয়ানি মামলা বছরের পর বছর বিচারাধীন রয়েছে। এসব মামলার কারণে বিচারপ্রার্থীদের দুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি বিচার ব্যবস্থার ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার বিচার ব্যবস্থার আধুনিকায়ন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর বিচারসেবা চালু এবং বিচারপ্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, দেশীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে বিচারপ্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি এবং মামলার জট উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ ক্ষেত্রে জাপানের বিচার মন্ত্রণালয় এবং জাইকার সহযোগিতা বাংলাদেশের বিচার ব্যবস্থার সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাপানের বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপমহাপরিচালক কাজুনোরি নোসে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ মো. শাফায়েত এবং জাপানের বিচার মন্ত্রণালয়ের অধ্যাপক ওয়াকাজোনো রেই।

সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ও আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস সেমিনারে সভাপতিত্ব করেন। এতে বিচার বিভাগীয় কর্মকর্তা, আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি, জাপানের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আইন বিশেষজ্ঞদের মতে, বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো গেলে দেওয়ানি মামলার দীর্ঘসূত্রতা কমবে এবং সাধারণ মানুষের জন্য দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা সহজ হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14640 ,   Print Date & Time: Monday, 14 September 2026, 06:50:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh