![]()
ই-বাংলাদেশ ডেস্ক
আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হওয়ার পর এবার দেশের দর্শকদের জন্য আসছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত বহুল আলোচিত মিনি সিরিজ ‘অ্যানি’। বাংলাদেশের প্রথম সিরিজ হিসেবে সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল-এর Women in Series বিভাগে নির্বাচিত এই প্রযোজনা খুব শিগগিরই দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন (iScreen)-এ মুক্তি পাবে।
এ উপলক্ষে ২৯ জুলাই চ্যানেল আই কার্যালয়ে ‘অ্যানি’র নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে আইস্ক্রিনে মুক্তির জন্য আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তানভীর হোসেন এবং সংশ্লিষ্ট অন্যান্য অতিথিরা।
চুক্তি অনুষ্ঠানে প্রযোজক এহসানুল হক বাবু বলেন, আন্তর্জাতিক উৎসবে সফলভাবে প্রদর্শনের পর দেশের দর্শকদের কাছে ‘অ্যানি’ পৌঁছে দিতে পারাটা তাদের জন্য অত্যন্ত আনন্দের। তিনি আশা প্রকাশ করেন, ব্যতিক্রমধর্মী গল্প, নির্মাণশৈলী এবং শিল্পীদের অভিনয় দর্শকদের নতুন এক অভিজ্ঞতা দেবে।
মিনি সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু এবং নাজাহ।
উল্লেখ্য, চলতি বছরের ৯ জুন জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল-এ ‘অ্যানি’র বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। শুধুমাত্র টেলিভিশন ও ওয়েব সিরিজকে কেন্দ্র করে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। কারণ, ‘অ্যানি’ই প্রথম বাংলাদেশি সিরিজ, যা এই মর্যাদাপূর্ণ সিরিজভিত্তিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে।
আন্তর্জাতিক স্বীকৃতির পর এবার দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির মাধ্যমে বাংলাদেশের দর্শকরাও উপভোগ করতে পারবেন আলোচিত এই মিনি সিরিজটি। নির্মাতাদের প্রত্যাশা, বৈচিত্র্যময় গল্প এবং আধুনিক নির্মাণভঙ্গির কারণে ‘অ্যানি’ দেশের দর্শকদের কাছেও সমানভাবে প্রশংসিত হবে।