• হোম > বাংলাদেশ > তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করলেন হাইকোর্ট

তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করলেন হাইকোর্ট

  • বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪:০৯
  • ৫৪

---

ই-বাংলাদেশ ডেস্ক

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন, এক মাসের মধ্যে এই অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে। পরে এই অর্থ জুলাই গণআন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসা ব্যয়ে ব্যবহার করা হবে।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, একই বিষয়ে এর আগে জিপিএইচ ইস্পাত হাইকোর্টে রিট করে একটি আদেশ পেয়েছিল। তবে সেই আদেশ পরবর্তীতে আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেন। এরপরও প্রতিষ্ঠানটি নিম্ন আদালতে নতুন মামলা দায়ের করে এবং পুনরায় হাইকোর্টে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে।

তিনি বলেন, নতুন রিট আবেদনের সময় আগের রিট, আপিল বিভাগের স্থগিতাদেশ এবং চলমান বিচারিক কার্যক্রমের বিষয়টি আদালতের কাছে গোপন রাখা হয়। আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেওয়ার চেষ্টা আদালতের সঙ্গে প্রতারণার শামিল।

অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী, বিষয়টি আদালতের নজরে আনা হলে রিটকারী পক্ষের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তারা আদালতকে জানান, আগের মামলার তথ্য তাদের জানানো হয়নি।

রাষ্ট্রপক্ষ আদালতের কাছে এ ঘটনায় দৃষ্টান্তমূলক অর্থদণ্ড আরোপের আবেদন জানায়। সেই আবেদন গ্রহণ করে হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে এক মাসের মধ্যে ৫ কোটি টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন।

আদালত আরও নির্দেশ দিয়েছেন, জরিমানার এই অর্থ জুলাই গণআন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয়ে ব্যবহার করা হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের এই আদেশ তথ্য গোপন, অসততা এবং বিচারিক প্রক্রিয়াকে বিভ্রান্ত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে একটি শক্ত বার্তা। একই সঙ্গে এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতের দৃঢ় অবস্থানের প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14600 ,   Print Date & Time: Monday, 14 September 2026, 12:15:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh