• হোম > বাংলাদেশ > ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

  • বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩:৪৯
  • ৬৬

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশের সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত, বৈষম্য দূরীকরণ এবং জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেছেন, শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবং পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের উপকারভোগীদের মধ্যে বসতঘরের বরাদ্দপত্র, সেলাই মেশিন, বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছেন। বিশেষ করে তাদের জমি দখলের মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমানের বিশেষ তহবিল থেকে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ তাদের শিক্ষা, আবাসন, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সরকার শুধু অবকাঠামোগত উন্নয়নেই সীমাবদ্ধ নয়; বরং দেশের প্রতিটি জনগোষ্ঠীর সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বিভিন্ন সংসদীয় আসনে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গত দেড় দশকে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বর্তমান সরকারকে অনেক ক্ষেত্রেই নতুন করে কাজ শুরু করতে হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখনন, নারীর ক্ষমতায়ন, ধর্মীয় নেতাদের ভাতা, সাবেক ক্রীড়াবিদদের সহায়তা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য নেওয়া উদ্যোগও সেই ধারাবাহিকতার অংশ।

তিনি বলেন, সরকার একটি বৈষম্যহীন, সাম্যভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের উদ্দেশে তিনি বলেন, নিজেদের অধিকার রক্ষায় আরও সচেতন ও সংগঠিত হতে হবে। বিশেষ করে কোনোভাবেই যেন তাদের জমি জোরপূর্বক দখল করা না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি ঠাকুরগাঁওয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের ক্রীড়াক্ষেত্রে সাফল্যের প্রশংসা করে বলেন, জেলার অনেক তরুণী জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলায় সাফল্যের সঙ্গে প্রতিনিধিত্ব করছেন, যা পুরো জেলার জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে ১০ জনকে বসতঘরের বরাদ্দপত্র, ৪৯ জনকে বাইসাইকেল, ৩৩ জনকে সেলাই মেশিন এবং ৩২৬ জন শিক্ষার্থীর হাতে মোট ১৪ লাখ ৩৪ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। সব মিলিয়ে ৪১৮ জন উপকারভোগীর মধ্যে প্রায় ৬৯ লাখ ৭৪ হাজার টাকার সহায়তা বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, মাদকের ভয়াবহতা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

মন্ত্রী আরও বলেন, মাদকবিরোধী প্রচারণাকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর পরিবর্তন আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14588 ,   Print Date & Time: Sunday, 13 September 2026, 06:58:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh