• হোম > বাংলাদেশ > সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

  • বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৬
  • ৬৪

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার (২৯ জুলাই) রাজধানীর সিআইডি সদর দপ্তরে দায়িত্বভার গ্রহণের মাধ্যমে তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তদন্ত সংস্থার নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা করেন।

এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এনএসআইতে দায়িত্ব পালনকালেই তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। দীর্ঘ কর্মজীবনে তিনি দক্ষতা, পেশাদারিত্ব ও নেতৃত্বের মাধ্যমে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠ্যক্রম উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এছাড়া সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মাঠপর্যায়ে পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ সদর দপ্তর এবং রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা ও ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অপারেশনাল দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন।

শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করে আইনশাস্ত্রেও উচ্চতর শিক্ষা লাভ করেন।

দেশ-বিদেশে পেশাগত দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে তিনি মালয়েশিয়ায় ফরেনসিক ল্যাবরেটরি প্রশিক্ষণ, পাকিস্তানে বিশেষ আঞ্চলিক কর্মশালা এবং তুরস্কে অনুষ্ঠিত দশম ইন্টারপা সম্মেলনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত সিআইডি প্রধানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে সংস্থার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ তদন্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সিআইডির পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে নতুন প্রধানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14574 ,   Print Date & Time: Sunday, 13 September 2026, 01:12:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh