![]()
ই-বাংলাদেশ ডেস্ক
কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি’—এমন সংবাদের বিষয়ে নিজেই মুখ খুলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এ ধরনের খবর সম্পূর্ণ গুজব এবং এর কোনো সত্যতা নেই।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ ধরনের প্রচারণা ভিত্তিহীন। বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।
এদিকে সভায় মাদকবিরোধী কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও থেকে একটি সমন্বিত সামাজিক আন্দোলন শুরু করা হয়েছে, যেখানে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সাংবাদিক এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে।
তিনি বলেন, “শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ।”
মির্জা ফখরুলের ভাষ্য অনুযায়ী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী এবং গণমাধ্যম একসঙ্গে কাজ করলে মাদকবিরোধী এই উদ্যোগ আরও কার্যকর হবে। তিনি আশা প্রকাশ করেন, ঠাকুরগাঁওয়ে নেওয়া পদক্ষেপ ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলের জন্যও একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠতে পারে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে পারে। সমাজে সচেতনতা তৈরিতে সংবাদমাধ্যমের ইতিবাচক প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মাদক যে ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ ক্ষতিকর—এই বার্তাটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।