• হোম > মতামত > ঢাকায় ‘জব ফেয়ার ২০২৬’: পর্যটন ও হসপিটালিটি খাতে চাকরির নতুন সুযোগ

ঢাকায় ‘জব ফেয়ার ২০২৬’: পর্যটন ও হসপিটালিটি খাতে চাকরির নতুন সুযোগ

  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৭:৪৯
  • ৯৪

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশের পর্যটন ও হসপিটালিটি খাতে দক্ষ জনবল তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জব ফেয়ার ২০২৬’। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় Tourism & Hospitality Industry Skills Council (T&H ISC) এ কর্মসংস্থান মেলার আয়োজন করছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (২৯ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় পর্যটন ও হসপিটালিটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেবেন।

আয়োজকরা জানিয়েছেন, জব ফেয়ারটির মূল উদ্দেশ্য হলো প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবলকে দেশের শীর্ষ হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, গেস্টহাউস, পর্যটন প্রতিষ্ঠান এবং নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সংযুক্ত করা। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা তাৎক্ষণিক সাক্ষাৎকার, নিয়োগ, ক্যারিয়ার পরামর্শ এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন Tourism & Hospitality Industry Skills Council-এর চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ বিভাগের ড. মতিউর রহমান, শহীদ হোসেন শামীম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর মহাপরিচালক মো. সামির উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আব্দুল রউফ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা জব ফেয়ার পরিদর্শন করবেন। পরে অনুষ্ঠিত হবে ‘পর্যটন শিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়নে SICIP–T&H ISC Program-এর ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ প্যানেল আলোচনা। এতে সরকারি কর্মকর্তা, দক্ষতা উন্নয়ন বিশেষজ্ঞ এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নিয়ে পর্যটন খাতে দক্ষ জনবল তৈরির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বর্তমানে SICIP–Tourism & Hospitality ISC Program-এর আওতায় চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এগুলো হলো ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং), ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন এবং হাউসকিপিং। ঢাকা, সিলেট, কক্সবাজার, খুলনা ও যশোরের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে এসব প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

এ পর্যন্ত কর্মসূচিতে ২ হাজার ৭৮৯ জন প্রশিক্ষণার্থী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৮২৮ জন দক্ষ হিসেবে মূল্যায়িত হয়েছেন এবং দক্ষ প্রশিক্ষণার্থীদের প্রায় ৭৫ শতাংশ ইতোমধ্যে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৪০ শতাংশ নারী, যা নারীর অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়নে কর্মসূচিটির ইতিবাচক অগ্রগতির প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রশিক্ষণের পাশাপাশি কর্মসূচির আওতায় ক্যারিয়ার কাউন্সেলিং, শিল্প প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, নিয়োগদাতাদের সঙ্গে সংযোগ স্থাপন, চাকরি অনুসন্ধান এবং প্লেসমেন্ট সহায়তাও দেওয়া হচ্ছে। আয়োজকদের ভাষ্য, ‘Skills to Employment, Employment to Prosperity’—এই লক্ষ্য বাস্তবায়নে জব ফেয়ার ২০২৬ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

এদিকে অনুষ্ঠানের সংবাদ গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের জন্য দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছে Tourism & Hospitality Industry Skills Council।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14559 ,   Print Date & Time: Sunday, 13 September 2026, 08:23:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh