![]()
ই-বাংলাদেশ ডেস্ক
দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পুলিশের চলমান বিশেষ অভিযানে গত প্রায় তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে দেশের বিভিন্ন এলাকা থেকে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে আরও ১ লাখ ২ হাজার ৭২২ জনকে আটক করা হয়। সব মিলিয়ে এই সময়ে মোট ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানায়, অভিযানের সময় ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় সোয়া দুই কেজি গান পাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বাজি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলভার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং একটি পেনগান।
এছাড়া মাদকবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য সাফল্যের কথা জানিয়েছে পুলিশ। অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ, ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক ও মাদকজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদরদপ্তর জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২৪ হাজার ৮২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।