ই-বাংলাদেশ ডেস্ক
বলিউডের বহুল আলোচিত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ধুম ৪’-এ আর অভিনয় করছেন না জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। ছবিটিতে তাকে খলনায়কের চরিত্রে দেখা যাবে—এমন জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত প্রকল্পটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে অয়ন মুখার্জি ‘ধুম ৪’ পরিচালনার দায়িত্ব পাওয়ার কথা ছিল। তবে ‘ওয়ার ২’-এর প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর প্রযোজক আদিত্য চোপড়া পরিচালকের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেন। এরপর পরিচালক পরিবর্তনের আলোচনা শুরু হলেও রণবীর কাপুর প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন এবং চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন।
সূত্রের দাবি, একাধিক দফা বৈঠক ও আলোচনার পর রণবীর কাপুর চিত্রনাট্যে সন্তুষ্ট হতে পারেননি। সে কারণেই তিনি ‘ধুম ৪’ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রটি জানায়, ‘ধুম’ ভারতের অন্যতম সফল চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি হলেও রণবীর কাপুরের কাছে সবসময় গল্প ও চিত্রনাট্যই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। শক্তিশালী গল্পের অভাব অনুভব করায় তিনি ছবিটিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে চলচ্চিত্র-সংশ্লিষ্ট কয়েকটি বাণিজ্যিক সূত্র ভিন্ন দাবি করেছে। তাদের ভাষ্য, ‘ধুম ৪’-এর চিত্রনাট্যের কাজ এখনো চলমান এবং এখন পর্যন্ত কোনো অভিনেতাকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। ফলে রণবীরের নাম বাদ পড়েছে কি না, সে বিষয়েও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
অন্যদিকে, আরও কিছু সূত্রের মতে, রণবীর কাপুর ইতোমধ্যেই প্রকল্প থেকে সরে গেছেন। সে ক্ষেত্রে চিত্রনাট্য সম্পন্ন হওয়ার পর ইয়াশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ)-কে নতুন করে খলনায়কের চরিত্রের জন্য অভিনেতা খুঁজতে হবে।
বর্তমানে রণবীর কাপুর তার আসন্ন দুটি বড় বাজেটের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দীপাবলি উপলক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রামায়ণ’, আর আগামী বছরের ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে মুক্তির পরিকল্পনা করা হয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির।
উল্লেখ্য, ‘ধুম’ সিরিজের আগের তিনটি কিস্তিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। অন্যদিকে প্রতিটি পর্বে খলনায়কের ভূমিকায় ছিলেন বলিউডের শীর্ষ তারকারা—প্রথম পর্বে জন আব্রাহাম, দ্বিতীয় পর্বে হৃতিক রোশন এবং তৃতীয় পর্বে আমির খান।