• হোম > রাজনীতি > ‘বিএনপি গণতান্ত্রিক দল’, সমালোচকদের কড়া জবাব মির্জা ফখরুলের

‘বিএনপি গণতান্ত্রিক দল’, সমালোচকদের কড়া জবাব মির্জা ফখরুলের

  • সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১৫:৫৯
  • ৪৯

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করা রাজনৈতিক ইতিহাস ও গণতন্ত্র সম্পর্কে অজ্ঞতার পরিচয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং দলটির বিরুদ্ধে এমন মন্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সোমবার (২৭ জুলাই) দুপুরে রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে উল্লেখ করছেন, তাদের রাজনৈতিক জ্ঞান ও দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণার ঘাটতি রয়েছে। তিনি দাবি করেন, বিএনপি শুরু থেকেই গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এবং জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক মূল্যবোধ প্রতিষ্ঠার পক্ষে কাজ করে আসছে।

জামায়াতে ইসলামীকে গণতান্ত্রিক দল হিসেবে দেখা যায় কি না—এমন এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে মন্তব্য করার প্রয়োজন নেই। তিনি বলেন, একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক কি না, সেটি মূল্যায়নের দায়িত্ব সেই দলের নেতৃত্বের ওপরই বর্তায়।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সংবিধানের বিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী মনোনয়ন দেবে।

তিনি আরও বলেন, সাংবিধানিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হওয়া উচিত এবং বিএনপি সেই প্রক্রিয়ায় অংশ নেবে।

বিআরডিবির নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14483 ,   Print Date & Time: Friday, 11 September 2026, 07:34:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh