• হোম > বাংলাদেশ > রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপর ইসি, আগামীকাল স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপর ইসি, আগামীকাল স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

  • সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১৫:৪৩
  • ৩৯

---

ই-বাংলাদেশ ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছেন সিইসি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ সময় তার নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দলও উপস্থিত থাকবে।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতির অংশ হিসেবেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা এবং সংশ্লিষ্ট সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ নম্বর দফা অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার (২) ও (৩) উপধারার বিধান অনুসারে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সরকারি গেজেটের মাধ্যমে ঘোষণা করবে।

রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবিধানিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচন কমিশনের এই বৈঠক সেই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14474 ,   Print Date & Time: Friday, 11 September 2026, 04:47:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh