• হোম > Following > বিটমেক্স বন্ধের ঘোষণা, ব্যবহারকারীদের অর্থ তুলে নেওয়ার আহ্বান

বিটমেক্স বন্ধের ঘোষণা, ব্যবহারকারীদের অর্থ তুলে নেওয়ার আহ্বান

  • রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৯
  • ৩৯

---

ই-বাংলাদেশ ডেস্ক

সব ধরনের সেবা বন্ধ করছে ক্রিপ্টো এক্সচেঞ্জ বিটমেক্স, ব্যবহারকারীদের দ্রুত অর্থ তুলে নেওয়ার আহ্বান

বিশ্বের অন্যতম পরিচিত ক্রিপ্টোকারেন্সি ডেরিভেটিভ ট্রেডিং প্ল্যাটফর্ম বিটমেক্স (BitMEX) তাদের সব ধরনের সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। চলমান ক্রিপ্টো বাজারের মন্দার মধ্যে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এ কারণে ব্যবহারকারীদের দ্রুত খোলা থাকা ট্রেডিং পজিশন বন্ধ করে অ্যাকাউন্টে থাকা অর্থ তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিটমেক্সের মালিক প্রতিষ্ঠান এইচডিআর গ্লোবাল ট্রেডিং (HDR Global Trading) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, ব্যবসায়িক কার্যক্রম পুনর্মূল্যায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের আশ্বস্ত করে বলেছে, গ্রাহকদের সব ডিজিটাল সম্পদ নিরাপদ রয়েছে এবং সেগুলোর ওপর ব্যবহারকারীদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে। তবে সেবা পুরোপুরি বন্ধ হওয়ার আগেই সব খোলা ট্রেডিং পজিশন নিষ্পত্তি এবং অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আইনি জটিলতায় ছিল বিটমেক্স

বিটমেক্সের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন আইনি অভিযোগ উঠেছিল। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ব্যাংক সিক্রেসি অ্যাক্ট (BSA)-সংক্রান্ত মানি লন্ডারিং প্রতিরোধ নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হওয়ার অভিযোগে কোম্পানিটির তিন সহ-প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ডেলো, আর্থার হেইস এবং স্যামুয়েল রিড আদালতে দোষ স্বীকার করেছিলেন।

অভিযোগে বলা হয়েছিল, ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে ‘নো ইয়োর কাস্টমার (KYC)’ নীতিমালা এবং কার্যকর মানি লন্ডারিং প্রতিরোধ ব্যবস্থা বাস্তবায়ন করেনি।

তবে পরবর্তীতে ক্রিপ্টো খাতের ওপর সরকারি নিয়ন্ত্রণ শিথিল করার নীতির অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ওই তিন সহ-প্রতিষ্ঠাতাকে ক্ষমা করেন।

২০ লাখ ট্রেডারের প্ল্যাটফর্ম

২০১৪ সালে প্রতিষ্ঠিত বিটমেক্স মূলত প্রাতিষ্ঠানিক ও পেশাদার ডেরিভেটিভ ট্রেডারদের জন্য ট্রেডিং সেবা দিয়ে আসছিল। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে প্রায় ২০ লাখ সক্রিয় ট্রেডার রয়েছে।

ক্রিপ্টো বাজারে দীর্ঘমেয়াদি মন্দা

বিশ্লেষকদের মতে, বিটমেক্সের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজার দীর্ঘ সময় ধরে অস্থিরতার মধ্যে রয়েছে।

গত বছরের অক্টোবরে বিটকয়েনের মূল্য ইতিহাসের সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার ২২৩ মার্কিন ডলার পর্যন্ত উঠলেও বর্তমানে তা প্রায় ৫০ শতাংশ কমে ৬৫ হাজার ৬৭৬ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, ক্রিপ্টো এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ETF) থেকে ধারাবাহিক বিনিয়োগ প্রত্যাহার, বাজারে আস্থার সংকট এবং ডিজিটাল সম্পদভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের সম্ভাব্য বিটকয়েন বিক্রির আশঙ্কা বাজারকে আরও চাপের মুখে ফেলেছে।

এছাড়া যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত আইন ও নীতিমালা বাস্তবায়নের ধীরগতিও বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব শুধু বিটমেক্স নয়, পুরো বৈশ্বিক ডিজিটাল সম্পদ বাজারেই পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14414 ,   Print Date & Time: Wednesday, 9 September 2026, 04:57:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh