• হোম > বিদেশ > শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভাইরাল সিজেপির পোস্ট, সরগরম ভারত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভাইরাল সিজেপির পোস্ট, সরগরম ভারত

  • শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১৮:০৯
  • ৬১

---

ই-বাংলাদেশ ডেস্ক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর একটি সংক্ষিপ্ত পোস্ট। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত ওই পোস্টে সংগঠনটি লিখেছে, ‘তেলাপোকারা জিতেছে, গণতন্ত্র জিতেছে।’ পোস্টটি প্রকাশের পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের ঘোষণা প্রকাশ্যে আসার পরই সিজেপির এই প্রতীকী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এক্সে প্রকাশিত পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান জানান, গত ১০ দিনের ঘটনাপ্রবাহ তাকে গভীরভাবে মর্মাহত করেছে। দেশের ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনআস্থার প্রতি সম্মান জানিয়েই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে প্রকাশিত আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, শুরু থেকেই তিনি পুরো ঘটনার দায়িত্ব স্বীকার করেছেন এবং কখনো পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি। তিনি বলেন, পরীক্ষা মাফিয়ার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো শিক্ষার্থীর প্রতি অন্যায় না ঘটে—এটাই ছিল তার প্রধান অঙ্গীকার।

সম্প্রতি এনইইটি-ইউজি (NEET-UG) পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তরমন্তরে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ধারাবাহিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনের অন্যতম আলোচিত সংগঠন হিসেবে সামনে আসে ব্যঙ্গধর্মী রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দিনও যন্তরমন্তরের আশপাশে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে কয়েকজন আহত হন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। আহতদের প্রতি সংহতি প্রকাশ এবং ঘটনার প্রতিবাদে রোববার মোমবাতি মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সিজেপি।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, চলতি বছরের মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেই ককরোচ জনতা পার্টি-র আত্মপ্রকাশ ঘটে। অভিযোগ রয়েছে, তিনি বেকার তরুণদের ‘তেলাপোকা’ বলে উল্লেখ করেছিলেন। পরবর্তীতে সেই শব্দটিকেই প্রতিবাদের প্রতীক হিসেবে গ্রহণ করে সংগঠনটি নিজেদের আন্দোলনের পরিচয় গড়ে তোলে।

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্পষ্টভাবে দাবি করেছিলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো সমাধান গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নতুন আইন প্রণয়নের ইঙ্গিত দিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সিজেপির ভাইরাল পোস্টকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গন, শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। প্রশ্নফাঁসের ঘটনায় দায় নির্ধারণ, শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও আরও জোরালো হয়ে উঠেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14394 ,   Print Date & Time: Wednesday, 9 September 2026, 10:38:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh