![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক ঐক্য থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজন হলে বিষয়টি নতুন করে বিবেচনা করা হবে বলেও জানিয়েছে দলটি।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সব ধরনের কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকবে। তবে দেশের বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে নতুন কোনো জাতীয় ঐক্যের প্রয়োজন দেখা দিলে দলটি পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
দলীয় সূত্রে জানা যায়, ১১ দলীয় জোটের সঙ্গে খেলাফত মজলিসের দূরত্ব তৈরি হয় বেশ কিছুদিন আগেই। গত ১৩ জুন চট্টগ্রামে অনুষ্ঠিত ১১ দলের বিভাগীয় সমাবেশের পর আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে কোনো সমাবেশ, ব্যানার বা প্রচারণায় খেলাফত মজলিস কিংবা তাদের নেতাদের নাম ব্যবহার না করতে। পরবর্তীতে রংপুরের একটি সমাবেশে ভুলবশত দলের নাম ব্যবহার করা হলে আপত্তির পর তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কোনো কর্মসূচিতে খেলাফত মজলিসের নাম আর ব্যবহার করা হয়নি।
জোট ছাড়ার বিষয়ে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল এবং নির্বাচন-পরবর্তী কিছু কর্মসূচিতেও তারা অংশ নিয়েছিলেন। তবে দীর্ঘদিন ধরেই খেলাফত মজলিস জোটের কোনো কার্যক্রমে অংশ নিচ্ছে না। বর্তমানে সেই রাজনৈতিক সমঝোতা কার্যকর নেই এবং দলটি সেটি আর চালিয়ে যেতে আগ্রহী নয়।
তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের রাজনৈতিক বাস্তবতা এবং জাতীয় প্রয়োজন বিবেচনায় নতুন কোনো বৃহত্তর ঐক্যের উদ্যোগ হলে খেলাফত মজলিস বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে কওমি ধারার ইসলামি দলগুলোর মধ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির আলোচনা জোরালো হয়েছে। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে কয়েকটি কওমি ঘরানার ইসলামি দলের নেতাদের বৈঠকের পর থেকেই ১১ দলীয় জোটের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়।
এরই ধারাবাহিকতায় আগে খেলাফত আন্দোলন ১১ দলীয় ঐক্য থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেয়। এবার খেলাফত মজলিসও একই সিদ্ধান্ত নিল। তবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এখনো জামায়াত নেতৃত্বাধীন এই রাজনৈতিক জোটে রয়েছে।
খেলাফত মজলিসের এই সিদ্ধান্তকে দেশের ইসলামপন্থি রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোর মধ্যে নতুন জোট, সমঝোতা কিংবা রাজনৈতিক পুনর্বিন্যাসের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।