• হোম > বিদেশ > ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম, অনড় সিজেপি

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম, অনড় সিজেপি

  • শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩৯
  • ৪৪

---

ই-বাংলাদেশ ডেস্ক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার (২৪ জুলাই) সরকারের সঙ্গে বৈঠকের পরও দলটি জানিয়ে দিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীকে অপসারণ বা পদত্যাগ না করানো হলে তারা আবারও ‘চলো সংসদ’ কর্মসূচি শুরু করবে।

তবে কেন্দ্রীয় সরকার এখনই এ দাবি মেনে নেওয়ার পক্ষে নয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ফলে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের টানাপোড়েন আরও বেড়েছে।

শুক্রবার সংবিধান ক্লাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টা সময় চাইলেও সিজেপি তাদের অবস্থান থেকে সরে আসেনি।

সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, কোনো আন্দোলনকারী সংগঠনের চাপে মন্ত্রীর পদত্যাগ মেনে নেওয়া হলে ভবিষ্যতে অন্য যেকোনো গোষ্ঠী একই ধরনের দাবি তুলতে পারে। তাই এমন নজির তৈরি করতে চায় না কেন্দ্রীয় সরকার।

এদিকে নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে পরীক্ষা পরিচালনা ব্যবস্থায় বড় ধরনের পুনর্গঠন শুরু হয়েছে। প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করেই সিজেপির আন্দোলনের সূচনা হয়েছিল।

সিজেপির নেতারা জানিয়েছেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি তারা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি তুলেছেন।

সরকারি সূত্রের দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান রয়েছে। একই সঙ্গে নিহত পরীক্ষার্থীদের পরিবারের জন্য কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, সেটিও সরকার বিবেচনা করছে। তবে প্রতিটি পরিবারকে নির্দিষ্ট অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শনিবার আবারও দুই পক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেছেন, সরকারের কাছ থেকে তারা লিখিত নিশ্চয়তা চান। বিশেষ করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভবিষ্যৎ নিয়ে সরকারকে ‘হ্যাঁ অথবা না’—এমন স্পষ্ট অবস্থান জানাতে হবে।

এদিকে আন্দোলনের প্রভাব পড়েছে ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনেও। বিরোধী দলগুলোও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একজোট হয়েছে। অন্যদিকে সরকার প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভাও ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট’-এর সংশোধনী অনুমোদন করেছে। নতুন প্রস্তাবে প্রশ্নফাঁসের মতো অপরাধে সর্বোচ্চ ১০ কোটি রুপি জরিমানা এবং দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের পরিকল্পনা রয়েছে।

এখন সরকারের পরবর্তী সিদ্ধান্ত এবং শনিবারের বৈঠকের ফলাফলের দিকেই নজর রাখছে ভারতের রাজনৈতিক মহল ও আন্দোলনরত শিক্ষার্থীরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14360 ,   Print Date & Time: Tuesday, 8 September 2026, 11:12:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh