• হোম > বাংলাদেশ > ডেপুটি স্পিকার কায়সার কামাল এখন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার

ডেপুটি স্পিকার কায়সার কামাল এখন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার

  • শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১৯:৩৩
  • ৭৪

---

ই-বাংলাদেশ ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এর ফলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এখন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই আমি প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনেরও শপথ নিয়েছি।’

তিনি আরও বলেন, ডেপুটি স্পিকারের শপথেও এ বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে। কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালন করতে না পারলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করবেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘একইভাবে ডেপুটি স্পিকার যখন শপথ নেন, তখন শপথের অংশে উল্লেখ থাকে যে, কোনো কারণে স্পিকারের চেয়ার শূন্য থাকলে তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন।’

এর আগে শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেন। পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। একই সময়ে সংসদের কার্যক্রম পরিচালনার জন্য ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14356 ,   Print Date & Time: Tuesday, 8 September 2026, 09:47:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh