• হোম > বাংলাদেশ > রাষ্ট্রপতির পদত্যাগে জামায়াত আমির: জাতির কাঁধ থেকে সরে গেল স্বৈরাচারের কালো ছায়া

রাষ্ট্রপতির পদত্যাগে জামায়াত আমির: জাতির কাঁধ থেকে সরে গেল স্বৈরাচারের কালো ছায়া

  • শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১৯:২৯
  • ৬৪

---

ই-বাংলাদেশ ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেরিতে হলেও জাতির কাঁধ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেল।’ এ জন্য তিনি মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করেন।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কী কারণে পদত্যাগ করেছেন, সেটি নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। তার ভাষায়, ‘আমরা আগেই মনে করেছি, তিনি রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাই তিনি কেন পদত্যাগ করলেন, সেটি আমাদের কাছে মুখ্য বিষয় নয়।’

তিনি আরও বলেন, দেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এ দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি যেন নিরপেক্ষতা, ন্যায়পরায়ণতা ও সংবিধানের প্রতি আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা আশা করি, তিনি কোনো ধরনের পক্ষপাতিত্ব করবেন না। যদি তিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব।’

নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। যেহেতু এ সময়ের মধ্যেই জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, ‘সময় এলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমাদের ভূমিকা কী হবে, তা সবাই দেখতে পারবেন।’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলও এ বিষয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরতে শুরু করেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14354 ,   Print Date & Time: Tuesday, 8 September 2026, 09:02:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh