![]()
ই-বাংলাদেশ ডেস্ক
পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়ারপুর ইউনিয়নে হাঁস খাওয়ার অভিযোগে দুটি কুকুরকে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাণী নির্যাতনের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রাণীপ্রেমী ও সচেতন নাগরিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সদর উপজেলার আউলিয়ারপুর ইউনিয়নের খেজুরতলা এলাকায় খাবারের সন্ধানে ঘুরছিল কুকুর দুটি। এ সময় হাঁস খাওয়ার অভিযোগ তুলে জহির হাওলাদার ও মনজু হাওলাদার নামে দুই ব্যক্তি কুকুর দুটিকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে মারধরের একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই কুকুর দুটি মারা যায়। পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এলাকাবাসীর একাংশ জানান, কুকুর দুটি দীর্ঘদিন ধরেই খাবারের অভাবে আশপাশের এলাকায় ঘুরে বেড়াত। ক্ষুধার তাড়নায় মানুষের বসতিতে খাবারের সন্ধানে এলেও তাদের এভাবে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই মানবিক আচরণ নয়। তারা মনে করেন, সামান্য সহানুভূতি দেখানো হলে দুটি প্রাণকে এভাবে প্রাণ হারাতে হতো না।
ঘটনার পর প্রাণীপ্রেমী, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, প্রাণীর প্রতিও মানবিক আচরণ নিশ্চিত করা সমাজের নৈতিক দায়িত্ব।
পশুকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী কোনো প্রাণীর ওপর অপ্রয়োজনীয় নির্যাতন, নিষ্ঠুর আচরণ বা হত্যা দণ্ডনীয় অপরাধ। তাই এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জহির হাওলাদার ও মনজু হাওলাদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।