• হোম > বাংলাদেশ > সাতক্ষীরায় গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলন

সাতক্ষীরায় গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলন

  • শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১৬:৫২
  • ৪৮

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের কলবাড়ি বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামের প্রতি জনসাধারণের আস্থা নষ্ট হয়েছে। তাই তাঁকে আর সংসদ সদস্য হিসেবে দেখতে চান না স্থানীয়রা। তাঁরা দ্রুত তাঁর এমপি পদ বাতিল এবং পদত্যাগের দাবি জানান।

বিক্ষোভকারীরা আরও বলেন, যেকোনো জনপ্রতিনিধির নৈতিক অবস্থান জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে দলীয় তদন্তে তাঁর বিরুদ্ধে নৈতিক স্থলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দল তাঁকে দলীয় সদস্যপদ থেকে বহিষ্কার করে।

ভিডিও প্রকাশের পর থেকেই এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14336 ,   Print Date & Time: Tuesday, 8 September 2026, 02:18:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh