![]()
ই-বাংলাদেশ ডেস্ক
২০২৬ সালের এশিয়ান গেমস ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে। জাপানে অনুষ্ঠিতব্য এই বহুল প্রতীক্ষিত আসরের পুরুষ ও নারী ক্রিকেটের ড্র এবং পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। এবারের আসরেও পুরুষ বিভাগে এশিয়ার শীর্ষ চার দল—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে।
পুরুষদের টি-টোয়েন্টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। প্রথম পর্বে অংশ নেবে ছয়টি দল, যাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ ‘এ’
- আফগানিস্তান
- জাপান (স্বাগতিক)
- নেপাল
গ্রুপ ‘বি’
- হংকং
- মালয়েশিয়া
- ওমান
প্রথম পর্বে সিঙ্গেল রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলা শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। এরপর তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে অপেক্ষায় থাকা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
অন্যদিকে, নারী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই বিভাগে কোনো গ্রুপ পর্ব রাখা হয়নি। অংশগ্রহণকারী আটটি দল সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকেই লড়াই শুরু করবে।
নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সূচি
- ভারত বনাম জাপান
- বাংলাদেশ বনাম চীন
- শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া
- পাকিস্তান বনাম থাইল্যান্ড
সূচি অনুযায়ী, ভারত-জাপান ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলবে বাংলাদেশ-চীন ম্যাচের বিজয়ীর বিপক্ষে। ফলে দুই দল নিজেদের ম্যাচ জিততে পারলে শেষ চারে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত লড়াই দেখা যেতে পারে।
এশিয়ান গেমসে ক্রিকেট বরাবরই দর্শকদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দু। এবারও শক্তিশালী দলগুলোর অংশগ্রহণে জমজমাট প্রতিযোগিতার প্রত্যাশা করছেন ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে নারী বিভাগে বাংলাদেশের সামনে পদক জয়ের সম্ভাবনা থাকায় দলটির প্রতিটি ম্যাচ ঘিরেই থাকবে বাড়তি উত্তেজনা।