• হোম > রাজনীতি > রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

  • শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১৫:৫৬
  • ৪০

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া গুজবের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “গুজবে বিশ্বাস করি না। পত্রপত্রিকা পড়ে তো আর রাজনীতির সব কথা বিশ্বাস করা যায় না। আর এটি রাষ্ট্রপতির বিষয়। গুজবের ভিত্তিতে কিছু বলা ঠিক হবে না।”

তিনি আরও বলেন, “পুরো বিশ্বই কোনো না কোনোভাবে গণতন্ত্রের চ্যালেঞ্জের মুখোমুখি। তবে আমরা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করেছি।”

মন্ত্রী জানান, বর্তমান সরকার জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরেছেন। যদিও তার পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল।

অন্যদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তিনটি সূত্রের বরাতে দাবি করেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে পারেন। সূত্রগুলোর দাবি, তিনি তার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন এবং এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সংশ্লিষ্ট সূত্রগুলো নাম প্রকাশে অনিচ্ছুক রয়েছে।

এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। রয়টার্সের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14310 ,   Print Date & Time: Tuesday, 8 September 2026, 05:06:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh