• হোম > বাংলাদেশ > রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার, দিলেন সাংবিধানিক ব্যাখ্যা

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার, দিলেন সাংবিধানিক ব্যাখ্যা

  • শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১৫:৫৪
  • ৪১

---

 

ই-বাংলাদেশ ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে দেশজুড়ে চলমান গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে দেশে ফিরেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে স্পিকারকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে প্রশ্ন করলে স্পিকার বলেন, তিনি এ বিষয়ে নিশ্চিত নন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আমি দেশের বাইরে ছিলাম। এখানে কে পদত্যাগ করল বা কী ঘটেছে, সে বিষয়ে আমার কিছু জানা নেই। এখন হয়তো জানতে পারব।”

তিনি আরও বলেন, “যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে তিনি স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দেবেন। এরপর সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এটাই সাংবিধানিক বিধান।”

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে স্পিকার বলেন, “আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি।”

উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবার পদত্যাগ করতে পারেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি স্পিকারের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেবেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14308 ,   Print Date & Time: Tuesday, 8 September 2026, 04:21:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh