![]()
ই-বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো শুল্ক আরোপ করেনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগে যে শুল্ক কার্যকর করেছিল, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সেটিই পুনরায় কার্যকর করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা-শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং চক্ষু ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছিল, তা আইনি বাধ্যবাধকতার কারণে ১৫০ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা ছিল। সেই মেয়াদ শেষ হওয়ার পর আগের শুল্কই নতুনভাবে কার্যকর করা হচ্ছে। তাই এটিকে নতুন শুল্ক আরোপ না বলে আগের শুল্কের পুনঃস্থাপন বলা যায়।”
তিনি আরও বলেন, “আজ রাত ১২টার পরও কার্যত আগের শুল্কই বহাল থাকবে। শুধু এটি ভিন্ন আইনি কাঠামো বা নামে কার্যকর হবে।”
মার্কিন শুল্ক নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের রপ্তানি খাতের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
অন্যদিকে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও দেশের বাজারে আপাতত তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, “বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বাড়লেও এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো সিদ্ধান্ত সরকারের নেই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।