• হোম > বাংলাদেশ > নজরুল ইসলাম মজুমদারের জামিন আবেদন খারিজ, আদালতের আদেশ

নজরুল ইসলাম মজুমদারের জামিন আবেদন খারিজ, আদালতের আদেশ

  • বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১৭:৩৩
  • ৪৪

---

ই-বাংলাদেশ ডেস্ক

৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী তরিকুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, এদিন আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলামসহ অন্য আইনজীবীরা নজরুল ইসলাম মজুমদারের জামিন আবেদন করেন। তবে দুদকের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৮ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর সহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, নজরুল ইসলাম মজুমদার তার ক্ষমতার অপব্যবহার করে ‘মদিনা ডেটস অ্যান্ড নাটস’ নামের একটি প্রতিষ্ঠানের অনুকূলে নিয়মবহির্ভূতভাবে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন দেন। ওই ঋণের মাধ্যমে ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সুপারিশ এবং বোর্ড মেমোর মাধ্যমে ঋণ অনুমোদন করেন। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই, প্রয়োজনীয় জামানত ছাড়া এবং ব্যাংকিং নীতিমালা উপেক্ষা করে ঋণের অর্থ ছাড় করা হয়, যা পরবর্তীতে আত্মসাতে ব্যবহৃত হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। সর্বশেষ আদালতের আদেশে তার জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় আপাতত কারাগারেই থাকতে হবে তাকে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/14292 ,   Print Date & Time: Monday, 7 September 2026, 10:06:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh